সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ৩১ আগস্ট, ২০১৬
প্রচণ্ড জ্বরে কাতর ছেলেকে কাঁধে নিয়ে চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন সুনিল কুমার। কিন্তু কোনো হাসপাতালই ভর্তি করেনি শিশুটিকে।
অবশেষে বাবার কাঁধেই প্রচণ্ড জ্বরে আকান্ত আনশ্ নামের ওই শিশুটি চিকিৎসার অভাবে মারা যায়।
এ হৃদয় বিদারক ঘটনাটি শুক্রবার ভারতের উত্তর প্রদেশের রাজধানী লাখনৌ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কানপুরে ঘটে। খবর এনডিটিভির।
সুনিল কুমার পেশায় একজন মেকানিক। তার ১২ বছরের ছেলে আনশ্ খুবই মেধাবী ছাত্র ছিল। স্থানীয় স্কুলে সে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। প্রচণ্ড জ্বর হওয়ায় তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
সেখানে দুই দিন চিকিৎসার পরও তার স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ তাকে সরকারি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
এরপর তিনি ছেলেকে কাঁধে নিয়ে স্থানীয় ওই সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির জন্য ছুটে যান। কিন্তু সেখানে ৩০ মিনিট ধরে ছেলেকে কাঁধে নিয়ে এক চিকিৎসক থেকে অন্য চিকিৎসকের কাছে ছুটে গেছেন তাকে ভর্তির জন্য।
কিন্তু ছেলেকে ভর্তি তো দূরের কথা, শিশুটিকে কাঁধ থেকে নামিয়ে রাখার জন্য তাকে একটি স্ট্রেচারও দেয়া হয়নি। পরে সেখান থেকে ২০০ মিটার দূরে অবস্থিত হাসপাতালটির শিশু ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান আর কিছুক্ষণ আগে চিকিৎসা পেলেই সে বেঁচে যেতো।
মর্মস্পর্শী এ ঘটনাটির এক সাংবাদিক মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। রাজ্য সরকার ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করেছে।