সিলেটটুডে ইন্টারব্যাশনাল ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০১৬
শান্তিতে নোবেলজয়ী মাদার তেরেসাকে রোববার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে 'সন্ত' ঘোষণা করতে যাচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে প্রয়াত হন মাদার তেরেসা। তাঁর মৃত্যুর পর তার দুটি অলৌকিক ক্ষমতার ঘটনার কথা সামনে আসে। জানা যায়, দুজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি মাদার তেরেসার নাম ধরে সুস্থ হয়ে ওঠেন। আর এ দুটো ঘটনা মাদার তেরেসাকে 'সন্ত' হওয়ার প্রক্রিয়ার পথে এক ধাপ এগিয়ে দেয়।
ভারতের কলকাতায় মাদার তেরেসা স্থাপিত প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটিতেও অনুষ্ঠান হবে তাঁকে 'সন্ত' ঘোষণার পর। কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির ১৯টি শাখা প্রতিষ্ঠান রয়েছে।
যদিও মাদার তেরেসার স্থাপিত প্রতিষ্ঠান নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে, চ্যারিটি হাসপাতালগুলোতে সঠিক স্বাস্থ্যবিধি মানা হয় না। একইসাথে সমালোচকরা বলেন, মানবসেবায় একনায়কদের দেয়া অর্থ গ্রহণ করেছেন মাদার তেরেসা।
৮৭ বছর বয়সে মাদার তেরেসার মৃত্যু হয় ১৯৯৭ সালে এবং ২০০৩ সালে সন্ত হওয়ার প্রক্রিয়ার একটি ধাপ 'বিয়টিফিকেশন'-এ তাঁর নাম প্রথম প্রবেশ করে। ২০০২ সালে ভ্যাটিকান থেকে প্রথমবার মাদার তেরেসার অলৌকিক ক্ষমতার কথা জানানো হয়। বলা হয়, ভারতীয় এক নারীর দীর্ঘদিনের টিউমার সারাতে যখন সব চিকিৎসকই হাল ছেড়ে দিয়েছিলেন, তখন তিনি মাদার তেরেসার ছবি রেখে প্রার্থনা করতে করতে সুস্থ হয়ে ওঠেন।
আর গত বছর দ্বিতীয় অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাজিলের এক বাসিন্দা জানান, ২০০৮ সালে তাঁর টিউমার সেরেছে মাদার তেরেসার জন্য।
সূত্রঃ বিবিসি বাংলা