Sylhet Today 24 PRINT

মারাত্নক দুর্ঘটনায় পুতিনের বিএমডব্লিউ, প্রিয় চালক নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

দুর্ঘটনায় পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়ি। মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে গাড়ির সামনের অংশ। আর ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন পুতিনের গাড়িচালক। তবে ওই গাড়িতে ছিলেন না প্রেসিডেন্ট পুতিন।

মঙ্গলবার মেইল অনলাইনে প্রচারিত সংবাদে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে ওই দুর্ঘটনা ঘটে। চালকের নাম প্রকাশ করেনি রাশিয়ার প্রশাসন। তবে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, ওই চালক ছিলেন প্রেসিডেন্ট পুতিনের খুব প্রিয়।

প্রেসিডেন্টের রাষ্ট্রীয় গাড়িটি ছিল বিএমডব্লিউ। রাশিয়ার পার্লামেন্টের নামে গাড়িটি নিবন্ধিত। মস্কোর ব্যস্ততম এলাকা কুতুজোভস্কি এভিনিউতে ওই দুর্ঘটনা ঘটে।

এভিনিউর সিসিটিভি ফুটেজে দেখা যায় বিপরীত দিক থেকে আসা একটি মার্সিডিজ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় প্রেসিডেন্টের বিএমডব্লিউর।ঘটনাস্থলেই নিহত হয়েছেন প্রেসিডেন্টের গাড়ির চালক। ওই গাড়িতে তিনি একাই ছিলেন। অন্যদিকে মার্সিডিজ গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গাড়িতেও কেবল চালকই ছিলেন।

পুলিশ খুব বেশি তথ্য দেয়নি। কেবল জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.