Sylhet Today 24 PRINT

বিশ্বে বাস্তুচ্যুত ৫ কোটি শিশু: ইউনিসেফ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

বিশ্বব্যাপী যুদ্ধ, সহিংসতা কিংবা নির্যাতনের কারণে প্রায় পাঁচ কোটি শিশু বাস্তুচ্যুত হয়ে পড়েছে। বুধবার জাতিসংঘ শিশু কর্মসূচি বিষয়ক সংস্থা ইউনিসেফ একথা জানায়। খবর এএফপির

সংস্থার নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেন, 'শিশুদের এই দূরাবস্থার চিত্র দেখে বিশ্ববাসী মর্মাহত। কেবলমাত্র নিজ দেশে যুদ্ধের কারণে দেশ ছেড়ে চলে যাওয়ার উদ্দেশে সাগর পাড়ি দেয়ার সময় পানিতে ডুবে প্রাণ হারায় আইলান কুর্দি। পরে তার মৃতদেহ সৈকতে পড়ে থাকতে দেখে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে।'

তিনি আরও জানান, দেশে দেশে যুদ্ধ ও সহিংসতার কারণে আরও অনেক শিশুকে এভাবে অকালে হারিয়ে যেতে এবং লাখ লাখ শিশুকে ঝুঁকির মুখে বসবাস করতে হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া উপাত্ত থেকে জানা যায়, কেবলমাত্র সহিংসতা ও সংঘাতের কারণে দুই কোটি ৮০ লাখ শিশু বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তাদের মধ্যে এক কোটি শরণার্থী শিশু রয়েছে। এক্ষেত্রে আরও ১০ লাখ আশ্রয়প্রার্থী শিশু রয়েছে। তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি স্থগিত রয়েছে।

ইউনিসেফের হিসাব মতে, এছাড়া মানবিক ত্রাণ ও মৌলিক সেবা পাওয়ার অভাবে প্রায় এক কোটি ৭০ লাখ শিশু তাদের নিজ দেশে গৃহহীন হয়ে পড়েছে। আরও প্রায় দুই কোটি শিশু সংঘবদ্ধ সহিংসতা বা অতি দরিদ্রতাসহ বিভিন্ন কারণে নিজ দেশ ছেড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.