Sylhet Today 24 PRINT

\'কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়নি\'

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

কুয়েতে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা-এমন খবর নাকচ করে দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। কর্মকর্তারা বলছেন, কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়নি। এমন কোনো ঘোষণা আসেনি।  

কুয়েত টাইমসে আজ বুধবার প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, কুয়েতের শ্রম বাজার ফের বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে। সোমবার এ সিদ্ধান্ত নেয় কুয়েতের নাগরিকত্ব ও পাসপোর্ট বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ মাজেন আল জারাহ। এতে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে, দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা দাঁড়ায় দুই লাখে। ফলে বাংলাদেশিদের আর নেওয়া হবে না। তবে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা অথবা কঠিন কিছু শর্তে বাংলাদেশিদের জন্য ফের শ্রমবাজার খুলে দেওয়া হবে কিনা, সে সম্পর্কে কিছুই বলেননি ওই সহকারী আন্ডার সেক্রেটারি।

এ বিষয়ে জানতে আজ বুধবার যোগাযোগ করা হলে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল লতিফ খান বলেন, কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়নি। গণমাধ্যমের খবর প্রকাশের পর আমরা দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি হলো আগে কুয়েতে গৃহ খাতে কর্মী যেতে হলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগত। মাস ছয়েক আগে এই নিয়ম স্থগিত করা হয়। কিন্তু এখন আবার এই নিয়ম কার্যকর হলো। কিন্তু এর সঙ্গে অন্য কোনো খাতের সম্পর্ক নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.