Sylhet Today 24 PRINT

মুখ্যসচিব বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মেয়ের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৬

রাজস্থানের মুখ্যসচিব ওম প্রকাশ মিনার বিরুদ্ধে নিজের মেয়েকে শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ এনেছেন মুখ্যসচিবের স্ত্রী ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসার গীতা সিংদেও।

গীতা অভিযোগ করেন, তার মেয়েকে ১৩ বছর বয়সে নিজের বাবার কাছে যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়। গীতার জানান, তার মেয়ে নিজের অভিযোগ সংবলিত একটি লিখিত বিবৃতি মহামান্য হাইকোর্টে জমা দিয়েছে এবং তিনি নিজেও তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে এবিষয়ে একটি মামলা দায়ের করবেন বলে ঠিক করেছেন।

তার মেয়ের প্রতি যে 'অবিচার' হয়েছে তার বিশদ বর্ণনা দিয়ে গীতা সিংদেও একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরে এবং সেই চিঠিতে তিনি গোটা বিষয়টিতে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে তদন্ত দাবি করেছেন।

জানা যায়, বিগত দু'বছর ধরে মিনা ও তার স্ত্রী গীতা আলাদা থাকছিলেন এবং অতীতে গীতা তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসা ও নৃশংসতার অভিযোগ এনে মামলাও দায়ের করেছিলেন। এর পাশাপাশি মিনা ও গীতার মেয়ে তার বাবার কাছ থেকে খরপোশ চেয়েও একটি মামলা করেছিল।

গীতা সিংদেও জানিয়েছেন,"আমাদের মামলাগুলো আদালতে বিচারাধীন। আমি ও আমার মেয়ে এতদিন যৌন হয়রানির ব্যাপারে চুপ করে ছিলাম। কিন্তু এখন আমার স্বামীর দিক থেকে চাপ আসায় বাধ্য হয়ে এই বিষয়টি সামনে আনলাম।"

তবে অভিযুক্ত মুখ্যসচিব ওম প্রকাশ মিনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: জি নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.