Sylhet Today 24 PRINT

‘আইএস নেতা আদনানি নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায়’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

ইসলামিক স্টেটের (আইএস) প্রধান সামরিক কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদনানি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন- এমন দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। 
  
তবে এর আগে রাশিয়া দাবি করেছিল, আইএসের সামরিক প্রধান ও শীর্ষ নেতা আদনানি তাদের হামলায় নিহত হয়েছেন। 
  
অবশ্য রাশিয়ার এই দাবির আগে আদনানিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি দেশটি। খবর বিবিসির। 
  
আইএসের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আদনানি, তার মাথার জন্য পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 
  
এক বিবৃতিতে পেন্টাগনের তথ্য সচিব পিটার কুক বলেন, সিরিয়ার আল বাবের নিকটে চালানো ওই হামলা আইএসআইএল (আইএস) এর শীর্ষ প্রচারক, সদস্য সংগ্রাহক ও বিদেশে চালানো সন্ত্রাসী অভিযানের প্রধানকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে। 
  
বিবৃতিতে বলা হয়, আইএসআইএল নেতাদের বিরুদ্ধে চালানো ধারাবাহিক সাফল্যজনক আঘাতের মধ্যে এ্টি একটি। এসব নেতারা অর্থের যোগান ও সামরিক পরিকল্পনাগুলোর জন্য দায়ি ছিল। গোষ্ঠীটির পক্ষে কার্যক্রম চালানো আরও কঠিন হবে। 
  
পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, ৩০ অগাস্টের ওই বিমান হামলায় একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল, ড্রোনটি আদনানিকে বহনকারী গাড়িতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। 
  
তবে আদনানির মৃত্যু নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহ সময় কেন নিল তা পরিষ্কার করেনি পেন্টাগন। 
  
এর আগে রাশিয়া জানিয়েছিল, আলেপ্পোর উত্তরে উম্ম হাবাশ গ্রামে তাদের এসইউ-৩৪ বোমারুর বোমাবর্ষণে যে ৪০ জন জঙ্গি নিহত হয়েছে আদনানি তাদের একজন। কিন্তু রাশিয়ার এই দাবিকে ‘কৌতুক’ অভিহিত করে খারিজ করে দেয় পেন্টাগনের কর্মকর্তারা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.