Sylhet Today 24 PRINT

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকার একটি মসজিদে তালেবান আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮ শিশু রয়েছে। রবিবার একথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শুক্রবার উপজাতীয় এলাকা মোহমান্দে একটি মসজিদ লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এলাকাটি আফগান সীমান্তে অবস্থিত। এখানে সেনাবাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে।
 
উপজাতীয় জেলা মোহমান্দ প্রশাসনের উপপ্রধান কর্মকর্তা নাভিদ আকবর বলেন, ‘আমরা এখন এই বিস্ফোরণে হতাহতদের সম্পূর্ণ তালিকা পেয়েছি। এই ঘটনায় ৩৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের কম।’
 
শুক্রবার জুমার নামাজ শুরু হওয়ার সময় হামলাকারী মসজিদের প্রধান হলরুমে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার পর থেকে ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
 
তালেবানের উপদল জামাত-উল-আহরার ( জেইউএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, ২০০৯ সালে স্থানীয় একটি বাহিনীর হামলায় সংগঠনটির ১৩ সদস্য নিহত ও অন্যদের গ্রেফতারের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়। সুত্র: এএফপি
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.