Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের শার্লটে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, জরুরি অবস্থা জারি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার জের ধরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই জরুরি অবস্থা জারি করা হলো।

শার্লটে গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়। এর জেরে সেখানে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে।

নর্থ ক্যারোলাইনার গভর্নর প্যাট ম্যাকক্রোরি এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

শার্লটের পুলিশপ্রধানের অনুরোধে শহরে ন্যাশনাল গার্ড ও অঙ্গরাজ্য ট্রুপার পাঠানো হচ্ছে বলে জানান গভর্নর। তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। নর্থ ক্যারোলাইনার গভর্নর এক বিবৃতিতে বলেন, জানমালের প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না।

গত মঙ্গলবার সন্ধ্যায় কিথ ল্যামন্ট স্কট (৪৩) নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। ঘটনার পর শার্লটের রাস্তায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বুধবারও চলে ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তি প্রয়োগ করে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

কর্তৃপক্ষের ভাষ্য, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন। বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন। তাঁরা বোতল ছুড়েছেন ও আগুন দিয়েছেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বিক্ষোভ চলাকালে গুলির ঘটনাও ঘটেছে। গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে।

সূত্রঃ রয়টার্স

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.