Sylhet Today 24 PRINT

৮ সেনা নিহতের দাবি ভুয়া : ভারত

অনলাইন ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৬

ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জঙ্গি আস্তানায় অভিযানের সময় পাকিস্তানিদের গুলিতে ৮ ভারতীয় সেনা নিহতের যে খবর পাকিস্তানের গণমাধ্যম দিয়েছে সেটালে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি। তবে ওই অভিযানে একজন ভারতীয় সেনা আটকের খবরটি নিশ্চিত করেছে ভারতও।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, ‘অসাবধানতাবশত’ কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করায় পাকিস্তানি বাহিনীর হাতে এক সৈনিক আটকা পড়লেও কেউ নিহত হয়নি।অসাবধানতাবশত নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রমের ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের।

পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের তাত্তা পানি এলাকার নিয়ন্ত্রণ রেখাজুড়ে ভারতীয় সেনাদের গুলিবর্ষণের সময় পাকিস্তানি সেনারা এক ভারতীয় সেনাকে আটক করে এবং গোলাগুলিতে আট ভারতীয় সেনা নিহত হন।

ভারতীয় সেনাদের মৃতদেহ জম্মু ও কাশ্মীরের যে অংশ ভারত-পাকিস্তানকে বিভক্ত করেছে সীমান্তের সে অংশে পড়ে আছে বলেও জানায় ডন। ডন পরে সেই খবর ‘তুলে নেয়’ বলে জানিয়েছে আইএএনএস।

আটক সেনার ব্যাপারে ভারতীয় বাহিনীর মিলিটারি অপারেশনের ডিরেক্টর লেফটেন‌্যান্ট জেনারেল রনবির সিং পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছে ভারত।

আটক চান্দু বাবুলাল চৌহানের (২২) বাড়ি মহারাষ্ট্রে; তিনি ৩৭ রাষ্ট্রীয় রাইফেলের একজন সৈনিক বলে ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

তবে পাকিস্তান কর্তৃপক্ষের দাবি, ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অভিযান চালানোর সময় চান্দুকে আটক করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে ‘সার্জিকাল স্ট্রাইক’ চালানোর কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হচ্ছে যুদ্ধে না জড়িয়ে সুনির্দিষ্ট কোনো লক্ষ‌্যে ত্বরিত অভিযান চালানো এবং তা চালিয়ে আবার নিজের অবস্থানে ফিরে আসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.