Sylhet Today 24 PRINT

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন আরো ২ নারী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

অভিযোগকারী ক্রিস্টিন অ্যান্ডারসন ও সামার জারভোস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন আরও দুই নারী। আর এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

অভিযোগকারী দুই নারী হলেন সামার জারভোস ও ক্রিস্টিন অ্যান্ডারসন।

সামার জারভোস দাবি করেছেন, ২০০৭ সালে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন। তিনি বাধা দিলে শেষ পর্যন্ত কম বেতনের একটি চাকরির প্রস্তাব দেন ট্রাম্প।

আরেক অভিযোগকারী ক্রিস্টিন অ্যান্ডারসন জানান, ৯০ এর দশকে নিউইয়র্কের একটি ক্লাবে ওয়েট্রেস হিসাবে কাজ করার সময় একদিন হঠাৎ করে ট্রাম্প তাকে জড়িয়ে ধরে কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দেন।

তাঁর দাবি, কোন বাক্যালাপ, এমনকি তার দিকে না তাকিয়েই ট্রাম্প এমনটা করেন, যেন তিনি এরকম কিছু করলেও তার কিছুই হবে না।

তবে এসব অভিযোগ ভয়াবহ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, এর আগেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন নারী। তাঁর বিরুদ্ধে উঠেছে শিশু ধর্ষণের অভিযোগও।

সূত্রঃ বিবিসি বাংলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.