Sylhet Today 24 PRINT

‘আমার স্ত্রীর জায়গা হলো বাড়ির রান্নাঘরে’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

স্ত্রীর সমালোচনার জবাবে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, তার স্ত্রীর জায়গা হল তার বাড়ীর রান্নাঘরে।

তিনি বলেন, "আমি জানি না আমার স্ত্রী কোন দলকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু তার জায়গা আমার রান্নাঘর, লিভিং রুম এবং অন্যান্য রুমে।"

জার্মানি সফররত বুহারি যখন এই কথাগুলো বলছিলেন, তখন তার পাশেই দাঁড়িয়ে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন নারী জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল।

এর আগে বিবিসি'তে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বুহারির স্ত্রী আইশা বুহারি বলেছিলেন, তাঁর স্বামী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি সরকারে কোনও পরিবর্তন না আনলে তিনি আগামী নির্বাচনে তাঁকে সমর্থন করবেন না।

মিসেস বুহারি বলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন, তাদের অধিকাংশকে তিনি নিজেই চেনেন না। ফার্স্ট লেডি আইশার মতে, সরকার ছিনতাই হয়ে গেছে।

আইশা বলেন, "আমি বাইরে যাব না। আর তার পক্ষে প্রচার চালাব না। আগের মতো কোনও নারীকে ভোট দিতে বলব না।"

দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বুহারি। দেশে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ব্যাপারে যে অসন্তোষ রয়েছে, ফার্স্ট লেডির বক্তব্যে তারই ইঙ্গিত পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.