Sylhet Today 24 PRINT

নোবেল পেয়েও প্রতিক্রিয়া জানাচ্ছেন না বব ডিলান

অনলাইন ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

সঙ্গীতে কাব্যিক মুর্ছনা সৃষ্টিতে অবদান রাখার জন্যে মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের পর পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি খেয়ালি এ শিল্পী। এদিকে, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আর যোগাযোগ না করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস সাংবাদিকদের বলেন, “এ মুহূর্তে আমরা আর কিছু করছি না।”

গত ১৩ অক্টোবর ২০১৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে রবার্ট অ্যালেন জিমারম্যানের নাম ঘোষণা করা হয়, সঙ্গীত বিশ্বে ‍যিনি বব ডিলান নামে পরিচিত।

কিন্তু এখন পর্যন্ত নিজের নোবেল জয় নিয়ে কোনও মন্তব্য করেননি ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তি। নোবেল পুরস্কারের জয়ের খবর পাওয়ার পর লাস ভেগাসে কনসার্টে গান গাইলেও সেখানে এ বিষয়টি নিয়ে কোনও সাড়াশব্দ করেননি বব ডিলান।

এ প্রসঙ্গে সারা দানিউস বলেন, “আমি তার (বব ডিলান) সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীকে ফোন ও ইমেইল করেছি এবং খুবই বন্ধুত্বপূর্ণ জবাব পেয়েছি। এ মুহূর্তের জন্য ওটাই যথেষ্ট।”

এ বিষয়ে দানিউস বলেন, “যদি তিনি আসতে না চান, তবে আসবেন না। এটি যে কোনও বিবেচনায় বিশাল আনন্দের খবর এবং তার জন্য দারুণ সম্মানের।”

১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.