Sylhet Today 24 PRINT

মুরসির ২০ বছরের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৬

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসির ২০ বছরের কারাদণ্ডের খবর নিশ্চিত করেছে সেখানকার একটি আদালত। ২০১২ সালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত‌্যার ঘটনায় মুরসিকে দোষী সাব‌্যস্ত করে এই দণ্ড দেওয়া হয়।

মুরসিকে এ পর্যন্ত চারটি দণ্ড দেওয়া হলেও মধ‌্যে এই প্রথম কোনো দণ্ডের সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এই দণ্ডের বিরুদ্ধে তিনি আর আপিল করতে পারবেন না।

তৎকালীন ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের অন‌্য বেশ কয়েকজন জ‌্যেষ্ঠ রাজনীতিকের বিরুদ্ধেও ২০ বছরের কারাদণ্ড নিশ্চিত হয়েছে। এদের মধ‌্যে মোহামেদ এল- বেলতাগি এবং এসাম এল-এরিয়ানও রয়েছেন। ২০১৫ সালের এপ্রিলে এই নেতাদের দোষী সাব‌্যস্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ২০১২ সালে মিশরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভরতদের অপহরণ, নির্যাতন ও হত‌্যার অভিযোগও রয়েছে।

তবে মুরসির দল মুসলিম ব্রাদারহুড বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

মিশরের ‍নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি অন‌্য তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন। এসবের মধ্যে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে ২০১১ সালে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানোর ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মিশরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন ব্রাদারহুডের মুরসি। কিন্তু ২০১৩ সালে গণঅসন্তোষের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরীয় সেনাবাহিনী। এরপর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সেনা-সরকার কর্তৃক ব্যাপক দমনপীড়ন চালানোর এক পর্যায়ে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.