Sylhet Today 24 PRINT

সবার সাথে সুসম্পর্ক রেখে কাজ করব: বিজয় ভাষণে ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর সব দেশের সাথে সুসম্পর্ক রেখে কাজ করার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনে আগে সবকটি জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও মূল লড়াইয়ে বাজিমাত করেন ট্রাম্প। জনপ্রিয় ভোট ও ইলেক্টরেল ভোট সবখানেই হিলারিকে অনেক পেছনে ফেলে জয় নিশ্চিত করেন এই ধনকুবের।

জয়ের পর সারা বিশ্বের সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প বলেন, "সব দেশের সাথে সুসম্পর্ক রেখে কাজ করব, আমেরিকাকে সব দিক থেকে শ্রেষ্ঠ বানাবো"।

মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্টের ৫৮তম নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হয়। ট্রাম্প হতে হচ্ছেন মার্কিনীদের ৪৫তম প্রেসিডেন্ট। ট্রাম্প পেয়েছেন ২৯০ এবং হিলারি পেয়েছে ২১৮ ইলেকটোরাল ভোট।

এদিকে কিছুটা দেরিতে হার মেনে নিয়ে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন হিলারি।

নির্বাচন জয়ের মুহূর্তকে ঐতিহাসিক উল্লেখ করে, সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। যিনি এতোদিন বিভক্তির সূত্রগুলো সামনে এনেছেন, সেই তিনিই যুক্তরাষ্ট্রকে এক সুতোয় বাধার অঙ্গীকার করেন। বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্ত আরও স্মরণীয় হয়ে উঠবে যদি সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করতে পারে। তবেই দেশ মহান হবে।’

প্রচারণাকালে অভিবাসীদের নিয়ে ভয়াবহ সব মন্তব্য ছিল ট্রাম্পের। বিজয় ভাষণে তিনি অভিবাসীদের মহান মানুষ বলে উল্লেখ করেন।

ট্রাম্প জানান, হিলারি তাকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দিত করেছেন বিজয়ী হওয়ার জন্য। নিজেও হিলারির প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রেখেছেন উল্লেখ করে ধন্যবাদ জানান ট্রাম্প।

ট্রাম্প আশ্বাস দেন তার সরকার জনগণের সেবা করবে। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে আমাদের দেশের পুনর্গঠনের কাজ শুরু করব। আমি আমাদের দেশকে ভালোভাবে জেনেছি। এখানে প্রচুর সম্ভাবনা আছে। প্রত্যেক আমেরিকানের সক্ষমতা রয়েছে তার সম্ভাবনাকে বোঝার।’

ট্রাম্প ‘জাতীয় নবায়ন প্রকল্প’ ঘোষণা করেন। তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন। অন্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি বিশ্ব সম্প্রদায়কে বলতে চাই, আমরা যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিলেও সবার সঙ্গে ভালোভাবে থাকব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.