Sylhet Today 24 PRINT

বারবার অনুরোধ করার পরও বাসা না ছাড়ায় অতিথির পায়ে গুলি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

তিনবার বলার পরও বাড়ি ছেড়ে যাচ্ছিলেন না দুই অতিথি। এতে চটে গিয়ে তাঁদের ওপরে গুলিই চালিয়ে বসলেন এক মার্কিন নারী।

ঘটনাটি গত সোমবারের (২১ নভেম্বর)।

অভিযুক্ত ওই নারীর নাম অ্যালানা অ্যানেট স্যাভেল। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পানামা শহরের বাসিন্দা। ঘটনার পর স্যাভেলকে আটক করেছে ফ্লোরিডা পুলিশ।

ফ্লোরিডার পানামা সিটি পুলিশ প্রধানের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টার দিকে স্যাভেলের বাড়িতে বেড়াতে যান এক নারী ও আরেক পুরুষ। সে সময় তাঁরা সেখানে মদ্যপান করেন। কিছুক্ষণ পর স্যাভেল তাঁদের চলে যেতে বলেন। বেশ কয়েকবার অনুরোধ করার পরও স্যাভেলের কথায় নাকি কান দেননি ওই দুই অতিথি। শেষমেশ দশমিক ২২ ক্যালিবারের বন্দুক বের করে একজনের পায়ে গুলি করেন স্যাভেল।

স্যাভেলের প্রেমিক বেন অবশ্য বলেছেন, স্যাভেল তাঁর বুদ্ধিতেই গুলি চালিয়েছিল। এক হলফনামায় তিনি জানান, স্যাভেলকে বলেছিলেন, অতিথিদের প্রথমে চলে যাওয়ার জন্য তিনবার অনুরোধ করতে। তাঁরা না শুনলে পরে মাটির দিকে গুলি চালাতে। কিন্তু স্যাভেল অতিথিদের পায়ে গুলি চালায়।

বেন আরো জানান, স্যাভেলের ছোড়া একটি গুলি তাঁর পায়েও লেগেছে।

পুলিশের ভাষ্যমতে, স্যাভেল প্রথমে মাটিতে গুলি করে। পরে ওই দুই অতিথির দিকে গুলি চালায়। এতে নারী অতিথির পায়ে দুটি গুলি লাগে। পরে স্যাভেল স্বাভাবিকভাবেই ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে ব্যাপারটা জানায়।

স্যাভেলের গুলিতে আহত ওই নারীকে পরে হাসপাতালে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.