Sylhet Today 24 PRINT

মায়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বার্নিকাটের আহ্বান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

মায়ানমারের রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনে নিন্দা জানিয়ে এ বিষয়ে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ও স্বচ্ছ তদন্তের আহবান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

রাষ্ট্রদূত সোমবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর ধানমন্ডিস্থ ইএমকে সেন্টারে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ আহবান জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, তারা নির্বাচনের আগে এবং পরেও বার্মিজ সরকারের প্রতি সে দেশে বসবাসরত সকল লোকের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করেন।

মায়ানমারের সশস্ত্র বাহিনীর নিপীড়নের প্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের আগমন মোকাবেলার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, ‘আমরা একটি বিষয়ে খুবই প্রশংসা করি যে, বাংলাদেশ সরকার অত্যন্ত দক্ষতা ও ধৈর্য সহকারে মায়ানমার সরকারের সঙ্গে এ বিষয়ে দ্বিপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে।

বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যের পরিস্থিতি সবসময় মনিটরিং করছে এবং এই সংকটে বিশ্ব সম্প্রদায়ের সাড়াদানের বিষয়ে বাংলাদেশ সরকারের আহবানের প্রেক্ষিতে এই পরিস্থিতিতে সমমনা দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়।

ডিক্যাবের সভাপতি আঙ্গুর নাহার মলির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.