Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফরাসি পর্যটক নিহত, ঘাতক গ্রেপ্তার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৬

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকার একটি মহাসড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফরাসি এক পর্যটক নিহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি জানায়, বুধবার (৩০ নভেম্বর) বিকেলে স্টুয়ার্ট হাইওয়েতে এ ঘটনা ঘটে। এ সময় ওই পর্যটকের সঙ্গে তার স্ত্রী ছিলেন। নিহত পর্যটকের স্ত্রী ওই ঘটনায় প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন। এলিস স্প্রিংস হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধায়ক ট্রাভিস উরস্ট জানান, অজ্ঞাত পরিচয় হামলাকারী আইলেরোন রোডহাইস থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে দুই ফরাসি পর্যটকের ওপর হামলা চালায়। হামলাকারী পুরুষ পর্যটকের গলায় ছুরিকাঘাত করেছে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি জানান, হামলাকারী একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে পুলিশ গাড়িটি থামালে তিনি লাফিয়ে নেমে বনের মধ্যে পালিয়ে যান। পরে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলাকারী ও নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.