আন্তর্জাতিক ডেস্ক | ০৯ ডিসেম্বর, ২০১৬
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে নির্মাণাধীন একটি ছয়তলা ভবন ধসে দুজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
হায়দরাবাদের নানাকরামগুদা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় যখন এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আরও অন্তত ১০ জন ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। পাঁচটি পরিবার তখন ওই ভবনে ছিল।
এর মধ্যে চারটি পরিবার ওই ভবনের টাইলস ও কাঠমিস্ত্রিদের, আর অন্যটি ভবনের নিরাপত্তাকর্মীর।
এনডিটিভি জানিয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার সকালে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নারী ও এক শিশুকে।
স্থানীয় পুলিশের উপকমিশনার বিশ্ব প্রসাদ বলেছেন, ওই ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধি ঠিকমতো মানা হচ্ছিল না বলে তারা তথ্য পেয়েছেন।
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল করপোরেশনের মেয়র বোনথা রাম মহান বলেন, ভবনের কাঠামো দুর্বল, যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে- তার মানও ভালো নয়। এ কারণেই দালান ধসে পড়েছে।
এদিকে তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী এন নরশিমা রেড্ডি, কর মন্ত্রী পদ্ম রাও ও পুলিশপ্রধান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।