Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাজ্যের প্রতি রুশনারা আলীর আহ্বান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে চাপ দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের কাছে লেখা এক চিঠিতে রুশনারাসহ দেশটির ৭০ এমপি ওই আহ্বান জানিয়েছেন।

চিঠিতে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ৯ অক্টোবর রাখাইনে নিরাপত্তাবাহিনীর তিনটি চেকপোস্টে হামলার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, রাখাইনে চরম মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। সেখানে ধর্ষণ, যৌন-নিপীড়ন, মসজিদ ধ্বংসের মতো ঘটনা ঘটছে।

নির্যাতিত রোহিঙ্গাদের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের দাবি জানান রুশনারা আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.