Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উইও শহরে শনিবার গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হতাহতদের সকলেই প্রার্থনার জন্য গির্জায় সমবেত হয়েছিলেন। ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা রয়েছেন অনেকে। কর্তৃপক্ষের আশঙ্কা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয়রা জানায়, আকওয়া ইবম রাজ্যের রেইনার্স বাইবেল চার্চটি নির্মাণাধীন ছিল। তা সত্ত্বেও কয়েকশ’ মানুষ প্রার্থনার জন্য সেখানে জড়ো হয়। আকওয়া ইবম রাজ্যের গভর্নর উদম এমানুয়েল জানিয়েছেন, ভেতরে এখনও অসংখ্য মানুষ আটকা পড়ে রয়েছেন। দুর্ঘটনার সময় তিনি নিজেও গির্জার ভেতরে ছিলেন।

ধসের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন, নির্মাণাধীন চার্চটি ঝুঁকিপূর্ণ ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

তিনি আরো বলেন, শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান পালনের উদ্দেশে চার্চটির নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য কর্মীদের তাগিদ দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

চার্চ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। উদ্ধারকাজ এখনও চলছে। ধংস্বস্তুপ সড়াতে দুর্ঘটনাস্থলে ক্রেনও ব্যবহার করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, গভর্নর চার্চে আসার বিশ মিনিটের মাথায় প্রচণ্ড শব্দের সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে পড়তে শুরু করে। এসময় গভর্নরসহ বেশ কয়েকজন দৌড়ে বের হয়ে আসলেও অনেকেই ততোটা সৌভাগ্যবান ছিল না।

নাইজেরিয়ায় ভবন ধস নিয়মিতই ঘটে থাকে। অর্থের লোভে ঠিকাদাররা সস্তা ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ভবন নির্মাণে ব্যবহার করায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.