Sylhet Today 24 PRINT

পুতিনকে দোষারোপ হোয়াইট হাউসের

বিবিসি বাংলা |  ১৬ ডিসেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ডেমোক্রেটিক দলের কর্মকর্তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানতেন বলে দাবি করেছে হোয়াইট হাউজ।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে উল্লেখ করেছে- প্রেসিডেন্ট বারাক ওবামার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোডস বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যেভাবে নিজের দেশ ও প্রশাসন পরিচালনা করেন, তাতে তার অজ্ঞাতসারে রুশ হ্যাকাররা এত বড় হ্যাকিং এর ঘটনা ঘটাতে পারে না।

মার্কিন কর্মকর্তারা আরও বলছেন, গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রতিবেদনে দেখা গেছে, রুশ হ্যাকাররা ওই সাইবার অ্যাটাকটি করেছিল প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশে। আর তার নির্দেশনা এসেছিল সর্বোচ্চ কোন পর্যায় থেকে।

কর্মকর্তারা বলছেন, রুশ সরকারের যেকোনো কর্মকাণ্ডের জন্য তো সরকার প্রধান হিসেবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টই দায়ী হবেন। তবে, রাশিয়া শুরু থেকেই ওই সাইবার হামলার বিষয়ে দেশটির কোন রকম সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে আসছে।

নতুন করে হোয়াইট হাউজ এই বিতর্কে যোগ দেবার পরে বৃহস্পতিবারও ক্রেমলিন থেকে বিষয়টিকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়া হয়েছে।

এমন সম্ভাবনার কথা অবশ্য নাকচ করেছেন ডনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন হিলারি ক্লিনটন নির্বাচনে জিতলে এ নিয়ে কোন তদন্তই চালাত না সরকার।

জুলাইতে উইকিলিকস ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ডেমোক্রেটিক দলের সাতজন শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ে চালাচালি হওয়া প্রায় কুড়ি হাজার ইমেইল ও আট হাজার নথি ফাঁস করে দেয়।

ইমেইলগুলোয় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্সের প্রচারণাকে 'ক্ষতিগ্রস্ত করার' অভিযোগ আসে। এর জের ধরে সেসময় পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রধান ডেবি ওয়াজেরমেন শুলজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.