Sylhet Today 24 PRINT

বিতর্ক এড়াতে নিজের দাতব্য ফাউন্ডেশন বন্ধ করার কথা জানালেন ট্রাম্প

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৬

বিতর্ক এড়াতে নিজের দাতব্য ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যেকোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে তিনি তা এড়িয়ে যেতে চান। যদিও তাঁর ফাউন্ডেশনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলছে।

নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, তদন্ত চলার মধ্যে ট্রাম্প তাঁর ফাউন্ডেশন বন্ধ করতে পারেন না।

শনিবার ট্রাম্প এক বিবৃতিতে জানান, বেশ কয়েক বছর ধরে তাঁর ফাউন্ডেশন অসংখ্য উপযুক্ত ব্যক্তিদের লাখো ডলার দিয়ে সহায়তা করেছে। এঁদের মধ্যে প্রবীণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিশুরা রয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে যেকোনো স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে আমি ভিন্নভাবে মানবহিতৈষীমূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন রিপাবলিকান ট্রাম্প।

যদিও জনগণের সরাসরি ভোটের হিসাবে হিলারির চেয়ে প্রায় ৩০ লাখ ভোট কম পেয়েছেন ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.