Sylhet Today 24 PRINT

ভূমধ্যসাগরে জাহাজডুবি: জাহাজচালক গ্রেফতার, হত্যার অভিযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২২ এপ্রিল, ২০১৫

ভূমধ্যসাগরে নিমজ্জিত নৌযানটির চালককে গ্রেফতার এবং তার বিরুদ্ধে বেপরোয়া নৌযান চালানো ও নরহত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ৮০০ লোকের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। 

ইতালিয়ান কর্মকর্তারা বলেছেন, তার বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সাহায্য করার অভিযোগও তোলা হবে। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীরা লুক্সেমবার্গে এই সংকট নিয়ে আলোচনায় বসার পর জাহাজের চালকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

ইতালির সিসিলির আইনজীবীরা বলেন, তাদের বিশ্বাস, তিউনিসিয়ান নাগরিক ২৭ বছর বয়সী মোহাম্মদ আলী মালিকের জাহাজ চালনায় ভুল এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুঃখজনক ঘটনা ঘটেছে। জাহাজের ত্রুক্র সিরিয়ান নাগরিক মাহমুদ বখিতকে গ্রেফতার করা হয়েছে।

কাতানিয়ার আইনজীবীরা বলেছেন, জাহাজ চালনায় ভুল করার কারণে আরেকটির সঙ্গে এই জাহাজের সংঘর্ষ হয় এবং ভীতসন্ত্রস্ত যাত্রীদের হুড়োহুড়ির কারণে শেষ পর্যন্ত জাহাজটি নিমজ্জিত হয়।
আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এত বেশি মানুষ মরিয়া হয়ে উরোপে প্রবেশের চেষ্টা করছে যে, এটা এখন উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিশ্বনেতাদের।

গত বছর ৩৫ হাজারের বেশি মানুষ উত্তর আফ্রিকা থেকে ইতালিতে প্রবেশ করেছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টায় ১ হাজার ৭০০-র বেশি অবৈধ অভিবাসী মারা গেছে।

অভিবাসী সংকট রোধে এবং মানব পাচারকারীদের ধরতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে ইইউ একটি প্যাকেজ প্রোগ্রাম হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ অভিবাসী পারাপারের অবৈধ রুটটি বন্ধ করার ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

লিবীয় উপকূলে রোববারের নৌযানডুবিতে মৃতের সংখ্যা আরও বেড়েছে। এই সংখ্যা ৮০০-তে উন্নীত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। ভয়াবহ এ দুর্যোগের কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর তারা মৃতের এ সংখ্যার কথা জানান।

মঙ্গলবার ইতালিতে শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের নারী মুখপাত্র কার্লোতা সামি বলেন, 'আমরা বলতে পারি, মর্মান্তিক নৌডুবির ঘটনায় ৮০০ লোকের প্রাণহানি ঘটেছে।'

জাতিসংঘ শরণার্থী সংস্থা ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানান, তারা এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ২৭ জনের মধ্যে অধিকাংশের সঙ্গে কথা বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.