সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৬
বাংলাদেশ, পাকিস্তান, চাদ ও মিয়ানমারের প্রবাসী নারীদের বিয়ে করতে সৌদি আরবের পুরুষদের নিষেধ করা হয়েছে। সৌদি পুরুষদের বিদেশি নাগরিকদের বিয়ে করা থেকে বিরত রাখতেই এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কোরাইশির বরাত দিয়ে মক্কা ডেইলির এক খবরে এ কথা বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, সৌদি নাগরিক যারা এখনও বিদেশিদের বিয়ে করতে চান, তাদের প্রথমে সরকারের সম্মতি নিতে হবে। সরকারি যথাযথ চ্যানেলের মাধ্যমে বিয়ে করার জন্য একটি আবেদন জমা দিতে হবে।
মক্কা ডেইলি জানায়, বিদেশিদের বিয়ে করতে হলে নানা আনুষ্ঠানিকতার জন্য সরকারের অনুমতি নিতে হয়। এখন সৌদি নাগরিকদের বিদেশিদের বিয়েতে কঠোর নিয়ম-কানুনের মুখোমুখি হতে হবে।
পত্রিকাটি জানায়, ওই চারটি দেশের প্রায় পাঁচ লাখ নারী বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন।