Sylhet Today 24 PRINT

চীনে কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলায় নিহত ৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৬

চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন হামলাকারী এবং একজন স্থানীয় বাসিন্দা।

জিনজিয়াংয়ের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চার হামলকারী একটি গাড়ি নিয়ে কমিউনিস্ট পার্টির অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে বিধ্বংসী ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই একজন মারা যান। পরে পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয়।

চীনের জিনজিয়াং প্রদেশে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রদেশে মুসলিম উইঘুর ও চীনা হান সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে কয়েক শ' মানুষ নিহত হয়েছেন।

চীন সরকার দাবি করেছে, মুসলিম মিলিশিয়ারা এই প্রদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী। কিন্তু অধিকারকর্মী ও নির্বাসিত উইঘুর সম্প্রদায়ের লোকদের অভিযোগ, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর নিয়ন্ত্রণ আরোপের কারণে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

জিনজিয়াং প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানায়, উইঘুরদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কারাকাক্স কাউন্টিতে এ হামলা হয়েছে। হামলায় একজন এবং পরে পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সেখানকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.