Sylhet Today 24 PRINT

তালেবান ও আইএস জঙ্গিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিলেন আফগান নারীরা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জজজানে তালেবান ও আইএস ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিয়েছেন বেশ কয়েকজন আফগান নারী।

সোমবার (২ জানুয়ারি) এ খবর জানিয়েছে আইএএনএস।

এর আগে গত নভেম্বরে একই প্রদেশের দারজাব জেলায় প্রথমবারের মতো কয়েকজন নারী ওই দুই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তাঁদের সাথে যোগ দিলেন আরও কয়েকজন নারী।

আফগান বার্তা সংস্থা খামা প্রেস জানায়, অস্ত্রধারী ওই নারীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমাণ জঙ্গিদের ঠেকাতে নারীদের জেগে ওঠাকে দেশটির অধিকাংশ মানুষ স্বাগত জানিয়েছেন।

কমান্ডার পর্যায়ের নারী যোদ্ধা জারমিনার (৫৩) নেতৃত্বে নারীরা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। তালেবান জঙ্গিদের কবল থেকে দারজাব জেলাসহ প্রদেশটির কৌশলগত এলাকাকে মুক্ত রাখতে চেষ্টা করছেন ৪৫ সদস্যের এই নারী দল।

দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিদের হাতে ছেলেকে হারিয়েছিলেন এক মা। এরপর ছেলে হত্যার প্রতিশোধ নিতে ২০১৪ সালে ওই আফগান নারী অন্তত ২৫ তালেবান জঙ্গিকে হত্যা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.