Sylhet Today 24 PRINT

ফিলিপাইনে কারাগারে বিদ্রোহীদের হামলা, দেড় শতাধিক কয়েদি মুক্ত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

ফিলিপাইনে মুসলমান বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুক্ত এক সশস্ত্র দল দেশটির দক্ষিণাঞ্চলের একটি কারাগারে হামলা চালিয়ে দেড় শতাধিক বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে মিন্দানাও দ্বীপের কিদাপাওয়ান শহরের নিকটবর্তী নর্থ কোটাবাটো জেলার কারাগারে একদল বন্দুকধারী এ হামলা চালায়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ চলাকালে অন্তত ১৫০ কারাবন্দী পালিয়ে যায়। হামলায় এক কারারক্ষী নিহত হন এবং পালানোর সময় এক বন্দি আহত হয়েছেন।

কারাগারের প্রহরী পিটার জন বোনগাত স্থানীয় টেলিভিশন এবিএস-সিবিএনকে বলেন, 'আমাদের হেফাজত থেকে তাদের সহযোদ্ধাদের উদ্ধারের জন্যই এ হামলা চালানো হয়েছে। এটি ছিল একটি উদ্ধার অভিযান।'

তিনি আরো বলেন, 'অতর্কিত এই হামলায় কারারক্ষীরা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। আর এ হামলার নেতৃত্ব দেয় প্রধান মুসলিম বিদ্রোহী গ্রুপ মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট।'

সামরিক ও পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে পলাতক ও হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

তবে এ ধরনের ঘটনা ফিলিপাইনে এই প্রথম নয়। এর আগেও কয়েকবার বন্দি পালিয়েছে ফিলিপাইনের বিভিন্ন জেল থেকে। গত বছরের আগস্ট মাসেই ২৩ বন্দিকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে যায় বিদ্রোহীরা।

এর আগে ২০০৯ সালে দেশটির বাসিলান দ্বীপের একটি কারাগারে হামলা চালায় সশস্ত্র ১০০ সন্ত্রাসী। সে সময় তারা ৩১ বন্দিকে মুক্ত করে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.