সিলেটটুডে ওয়েব ডেস্ক | ২৩ এপ্রিল, ২০১৫
যদি কেউ আপনাকে প্রশ্ন করে বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্ট কোনটি ? এক সেকেন্ড সময় না নিয়েই হয়তো বলে দেবেন আমেরিকান অথবা ব্রিটিশ পাসপোর্টের নাম। কিন্তু আপনার সেই ধারনাকে ভুল প্রমাণিত করে বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তালিকায় এক নাম্বারে জায়গা করে নিয়েছে সুইডেন।
ভিসা বিহীন দেশ ভ্রমণের সংখ্যা , আবেদনের পর পাসপোর্ট প্রদানের সময়, পাসপোর্ট ফি এবং পাসপোর্টের মেয়াদ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে গো-ইউরো নামের একটি ভ্রমণ পর্যালোচনা মূলক সংস্থার রিপোর্টে উঠে এসেছে বিশ্বের ক্ষমতাধর পাসপোর্টের নামের তালিকা। ব্রিটিশ অথবা আমেরিকান পাসপোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী হওয়া স্বত্বেও এই তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তকমাটি জয় করছে সুইডেন।
ব্রিটিশ, আমেরিকান, সুইডিশ, জার্মান এবং ফিনিশ পাসপোর্ট ধারীদের সমান সংখ্যক ১৭৪ টি দেশে ভিসা ফ্রি এন্ট্রি থাকলেও অন্য তিনটি উপাত্ত পাসপোর্ট ফি, প্রদানের সময়, এবং পাসপোর্টের মেয়াদে এগিয়ে থাকা সুইডিশ পাসপোর্ট জিতে নিলো বিশ্বের সর্বোচ্চ শক্তিধর পাসপোর্টের বিজয় মুকুট। তালিকায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে স্থানে রয়েছে ফিনিশ, জার্মান, ব্রিটিশ এবং আমেরিকান পাসপোর্ট।
একজন সুইডেনের অধিবাসী আটাশ পাউন্ড খরচ করে মাত্র এক ঘণ্টার মধ্যে পেয়ে যেতে পারেন তার নতুন পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ থাকে পৃথিবীর অন্যদেশ গুলোর থেকে বেশি এবং ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় ১৭৪টি দেশ।
এই তালিকায় সর্বশেষ দেশটির নাম আফগানিস্তান। দেশটির পাসপোর্ট ফি উনসত্তর পাউন্ড এবং বিধিনিষেধের কারণে আফগান পাসপোর্ট ধারীরা ভ্রমণ করতে পারেন মাত্র আটাশটি দেশ ।
জরিপে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাসপোর্টের দেশের নাম তুরস্ক যেখানে পাসপোর্ট ফি'র পরিমাণ ১৬৬ পাউন্ড এবং সবচেয়ে সস্তা পাসপোর্ট ফি'র দেশের নাম সংযুক্ত আরব আমিরাত যেখানে মাত্র নয় পাউন্ড পাসপোর্ট ফি দিয়েই পাওয়া যায় নতুন পাসপোর্ট।