Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে ৯ সংখ্যালঘু নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৭

আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দেশটির সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (৬ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সরকার জানায়, নিহতরা বাঘলান প্রদেশে খনি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

তালেহ ভা বারফাক জেলার গভর্নর ফোইজ মোহাম্মদ আমিরি জানান, হতাহতরা মধ্য আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশ থেকে এসেছিলেন। শুক্রবার তাদেরকে গাড়ি থেকে বের করে এনে গুলি চালিয়ে হত্যা করেছে বন্দুকধারী। এ ঘটনায় আফগান জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করেছেন তিনি।

তবে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, এই শ্রমিকরা আমাদের অনুমতি নিয়ে খনিতে কাজ করছিলেন। তারা কোনো সমস্যার সৃষ্টি করেনি। হত্যাকাণ্ডের জন্য স্থানীয় মিলিশিয়া গোষ্ঠী ‘আরবাকিস’ এর সদস্যরা দায়ী।

দেশটির হাজারা সম্প্রদায়ের লোকজন পার্সিয়ান ভাষায় কথা বলেন। মূলত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের হাজারারা সুন্নিপন্থী আফগানিস্তানে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। গত বছর কাবুলে সিরিজ হামলায় হাজারা সম্প্রদায়ের অনেক মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র : রয়টার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.