Sylhet Today 24 PRINT

অভিবাসী মুসলমানদের প্রতি বৈষম্য না করার আহ্বান বারাক ওবামার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৭

অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে উল্লেখ করে মুসলমানদের প্রতি কোনও প্রকার বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময় বুধবার (১১ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দেয়া বিদায়ী ভাষণে তিনি এ আহ্বান জানান।

হলভর্তি দর্শকের সামনে ওবামা বলেন, ‘এখানে আমি শিখেছি যে পরিবর্তন তখনই হয়, যখন সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে দাবি জানায়। আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আট বছর দায়িত্ব পালন করার পর আমি এখনো এটা বিশ্বাস করি। এটা শুধু আমার বিশ্বাস নয়; এটা আমাদের আমেরিকান ধারণার প্রাণ।’

এ সময় অনেক সমর্থক ‘আই লাভ ইউ ওবামা’ বলে চিৎকার করতে থাকেন। এতে বক্তব্যের মাঝেই অনেকবার থামতে হয় ওবামাকে।

ভাষণে গত আট বছরে সম্পন্ন কাজের কথা উল্লেখ করেন ওবামা। সে তালিকায় স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বৈবাহিক সাম্যের বিষয়গুলো উঠে আসে। ওবামা জানান, তার অনেক কাজ এখনো বাকি।

বক্তব্যে উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আলোচনা করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, তার (ট্রাম্প) কাছে ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি।

২০০৮ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। এরপর দুই মেয়াদে আট বছর পার করেছেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.