Sylhet Today 24 PRINT

বিসমিল্লাহ খাঁর সানাইগুলো ১৭ হাজারে বিক্রি করেছিল নাতি

বিবিসি বাংলা |  ১১ জানুয়ারী, ২০১৭

প্রসিদ্ধ সানাই শিল্পী বিসমিল্লাহ খাঁয়ের সংগ্রহে থাকা চারটি অমূল্য সানাই চুরির ঘটনায় তাঁর নাতিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে দুইজন স্বর্ণকার, যাদের কাছে ওই সানাইগুলি মাত্র ১৭ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল।

রুপায় বাঁধানো ওই সানাইগুলি ভেঙে সেখান থেকে গলিয়ে বের করা এক কিলোগ্রাম রুপাও উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স।

গতমাসে বেনারসে বিসমিল্লাহ খাঁর ছেলে কাজিম হুসেইনের বাড়ি থেকে সানাইগুলি চুরি যায়।

পুলিশের কর্মকর্তা এস আনন্দ বলেন, "আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে পরিবারের মধ্যে থেকেই কেউ এই চুরিটা করেছে। সবার ওপরেই নজর ছিল। উস্তাদজির নাতি নাজরে হাসান ওরফে সাদাবকে জেরায় চেপে ধরার পরে সে স্বীকার করেছে যে চুরিটা সে-ই করেছে"।

মঙ্গলবার বিকেলে এদেরকে আটক করা হয়। আটককৃত নাজরে হাসানের বাবা কাজিম হুসেইনই পুলিশের কাছে চুরির অভিযোগ জানিয়েছিলেন।

পুলিশ বলছে অমূল্য এই সানাইগুলি সামান্য টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল শুধুমাত্র অর্থের লোভে।
"সাদাবের কোনও ধারণাই ছিল না ওই সানাইগুলোর কত দাম হতে পারে। এমনিতেই এটা অমূল্য জাতীয় সম্পদ, এর হিসাব টাকায় হয় না। কোনও কাজকর্ম করে না সাদাব, ওর কোনও রোজগারও নেই। শুধুমাত্র টাকার জন্যই সানাইগুলো চুরি করেছিল সে," বলছিলেন আনন্দ।

রুপায় বাঁধানো ওই সানাইগুলির মধ্যে একটি বিসমিল্লাহ খাঁ বিশেষ অনুষ্ঠানে বাজাতেন।

বাকি তিনটি তিনি উপহার পেয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, কংগ্রেস নেতা কপিল সিব্বল আর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কাছ থেকে।

বিসমিল্লাহ খাঁয়ের পরিবার অনেকদিন ধরেই তাঁর বাদ্যযন্ত্র, পুরষ্কার সহ অন্যান্য স্মরণিকাগুলির জন্য একটি সংগ্রহশালা তৈরির দাবী করছে।

এর আগেও বেনারসে তাঁর বাড়িতে তালা ভেঙে চুরি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.