Sylhet Today 24 PRINT

লিবিয়ায় নৌকাডুবি, নিখোঁজ শতাধিক শরণার্থী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৭

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ থাকা শরণার্থীদের খোঁজে অভিযান চালাচ্ছে ইতালির কোস্টগার্ড। এই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ফ্রান্স নৌবাহিনীর একটি জাহাজ ও দুটি বাণিজ্য জাহাজ।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, তারা সাগর থেকে এ পর্যন্ত আটজনের লাশ ও চারজনকে জীবিত উদ্ধার করেছে।

কর্মকর্তারা জানান, নৌকাটি লিবিয়া ও ইতালির মধ্যবর্তী স্থানে সাগরে ডুবে গেছে। নৌকাডুবির স্থানটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩০ মাইল দূরে। তবে ডুবে যাওয়া নৌকার শরণার্থীরা কোন দেশের, তা স্পষ্ট নয়।

এর আগে শুক্রবার ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে অন্তত ৫৫০ শরণার্থীকে জীবিত উদ্ধার করে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.