Sylhet Today 24 PRINT

ইস্তাম্বুলে বোমা হামলা: মূল সন্দেহভাজন গ্রেপ্তার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৭

তুরস্কের ইস্তাম্বুলে ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠান চলাকালে রেইনা নৈশক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আব্দুলকাদির মাশারিপভো গ্রেপ্তার হয়েছেন। ওই নৈশক্লাবে হামলায় ৩৯ জন নিহত হয়েছিলেন। আর আহত হয়েছিলেন অন্তত ৬৯ জন। নিহতদের মধ্যে ইসরায়েল, ফ্রান্স, তিউনিসিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান এবং সৌদি আরবের নাগরিকেরা ছিলেন।

আব্দুলকাদির মাশারিপভোকে ইস্তাম্বুলের ইসেনিউর্ট জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে তার চার বছর বয়সী ছেলেও ছিল। গ্রেফতার হওয়া আবদুলকাদির একজন উজবেক নাগরিক।

মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনীর জড়িত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয় বলে আইএস দাবি করেছিল। হামলাকারীরা ভাড়া করা ট্যাক্সিতে করে ওই নাইট ক্লাবে পৌঁছায়।

তুর্কি সংবাদপত্র হুরিয়েত জানিয়েছে, ২০১৬ সালের শুরুর দিকে এই উজবেক নাগরিক তুরস্কে পৌঁছায়। তখন তার সম্ভাব্য নাম ছিল ইবু মুহাম্মদ হোরাসানি। এই ব্যক্তি মধ্য তুরস্কের কোনিয়া শহরে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে হুরিয়েত জানাচ্ছে, গত ১৫ ডিসেম্বর ইস্তাম্বুল পৌঁছায় আবদুলকাদির।

সূত্র : বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.