Sylhet Today 24 PRINT

গরুর গোবরে ভিটামিন-বি, দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

ভারতে গরু নিয়ে তুলকালাম কাণ্ডের এসময়ে রাজস্থান রাজ্যের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি গরু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। জয়পুরে একটি অনুষ্ঠানে গরুর উপকারিতার ‘বৈজ্ঞানিক ব্যাখ্যা’ দিতে গিয়েই গরুকে ‘সুপারপাওয়ার’ বলেও আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘গরু পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও অক্সিজেনই পরিবেশে ফিরিয়ে দেয়। গরুই পৃথিবীর একমাত্র প্রাণী, যার এই সুপার পাওয়ার রয়েছে। এই বিজ্ঞানসম্মত বিষয়টি সবার বোঝা উচিত।’

শনিবার জয়পুরের অক্ষয় পাত্র ফাউন্ডেশন আয়োজিত হিঙ্গোনিয়া গো-পুনর্বাসন কেন্দ্রের এক অনুষ্ঠানে বাসুদেব দেবনানি আরও বলেন, ‘গরুর কাছে গেলে সর্দি-কাশির মতো রোগ ভালো হয়ে যায়।’

ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে বাংলাট্রিবিউন জানিয়েছে দেবনানির আরেক দাবি, “গরুর গোবরে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ রয়েছে।” তিনি পুরো দেশে গরু সংরক্ষণ ও উন্নয়নে যুবকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

গরু নিয়ে মন্ত্রীর যখন এমন বক্তব্য তখন উল্টো কথা বলছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংগঠনটির খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) ২০০৬ সালের একটি প্রতিবেদনে জানাচ্ছে, সমাজে গরু উপকারী প্রাণী। কিন্তু গরুর পাচনতন্ত্রের মাধ্যমে বাতাসে মিথেন গ্যাসের পরিমাণ বাড়ছে। গরুসহ অন্যান্য গৃহপালিত পশু ১৮ শতাংশ গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি গরু বছরে ৭০ থেকে ১২০ কিলোগ্রাম মিথেন গ্যাস উৎপন্ন করে। এই মিথেন একটি গ্রিনহাউজ গ্যাস। কার্বন ডাই-অক্সাইডের ২৩ গুণ বেশি ক্ষতিকর এই মিথেন। এর ক্ষতির কার্যকারিতা এক বছরে ২৩০০ কিলোগ্রাম কার্বন ডাই অক্সাইডের সমান। পরিবেশ বিজ্ঞানীদের দাবি, খোলা বাতাসে ১০০০ লিটার পেট্রল পুড়লে যে দূষণ হয়, একটি গরু বছরে সেই পরিমাণ মিথেন উৎপন্ন করে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি গাড়ি এক বছরে বাতাসে যা দূষণ করে, তার থেকে অনেক বেশি ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন করতে পারে একটি গরু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.