Sylhet Today 24 PRINT

এভারেস্টের বেইজক্যাম্পে আটকা পড়েছেন কয়েকশ' পর্বতারোহী

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৫

শনিবার দুপুরে নেপালে বয়ে যাওয়া প্রলয়ংকারী ভূমিকম্পে বিশ্বের সর্বোচ্চ পর্বত  এভারেস্ট কয়েকটি বেইজক্যাম্পে শতাধিক পর্বতারোহী আটকা পড়েছেন। পর্বতারোহীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
ভূমিকম্পের ফলে পৃথিবীর সবোর্চ্চ শৃঙ্গটিতে তুষারধসের ঘটনাও ঘটেছে। তবে এতে হতাহতের অবস্থা সম্পর্কে কোন খবর নিশ্চিত হওয়া যায়নি।
 
ভূমিকম্পের পর ড্যানিয়েল মাজুর নামে এক পর্বতারোহী টুইট করেছেন। টুইটার বার্তায় তিনি লেখেন, 'ভূমিকম্পের আঘাতে এভারেস্টের বেইজক্যাম্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুগ্রহ করে সবার জন্য প্রার্থনা করুন।'
 
রোমানিয়ার আরেক পর্বতারোহী টুইটে বলেন, 'জীবন বাঁচাতে তাবু থেকে বের হয়ে দৌড়াচ্ছি।'
 
নেপাল পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট চন্দ্র দেব রায় জানিয়েছেন, 'ভূমিকম্পের সময় সলুখুম্ভূ জেলায় ৭০০ ও এখানকার কয়েকটি বেইজক্যাম্পে অন্তত ৩০০ আরোহী ছিলেন। তাদের অবস্থা জানতে আমরা যোগাযোগের চেষ্টা করেছি; তবে মোবাইল ফোন নেটওয়ার্ক কাজ না করায় এখনো কিছু জানা সম্ভব হয়নি।'
 
নেপালের মধ্য দিয়ে এভারেস্ট আরোহীরা সাধারণত সলুখুম্ভূ জেলা থেকেই আরোহন শুরু করেন। গত বছর এভারেস্ট পর্বতে তুষারধ্বসের ঘটনায় ১৬ পর্বতারোহী মারা যান।
 
শনিবার স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। শক্তিশালী এই ভূমিকম্পে ইতিমধ্যে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পের প্রভাবে নেপালের পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতি হয়েছে ভারত ও বাংলাদেশেও। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.