Sylhet Today 24 PRINT

ট্রাম্পবিরোধী বিক্ষোভ অব্যাহত, আটক ২০০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহনের সময় প্রতিবাদে ওয়াশিংটনে চলে বিক্ষোভ। শুধু ওয়াশিংটন নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছোট-বড় বিক্ষোভ করে ট্রাম্পবিরোধীরা। এ পর্যন্ত ২০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য।

স্থানীয় সময় আজ শনিবার সকাল থেকে ট্রাম্প টাওয়ারের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। ওয়াশিংটনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে একাধিক সংঘর্ষ হয়। পুলিশের একজন মুখপাত্র কোনো কোনো স্থানের বিক্ষোভকে দাঙ্গার সঙ্গে তুলনা করেছেন।

পুলিশ বলছে, বিক্ষোভকারীরা অনেক দোকানে ইট-পাথর ছুড়েছে। এতে এসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় রাখা ডাস্টবিনগুলোয় আগুন ধরিয়ে দিয়েছে। তাদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ মরিচ–পানির স্প্রে করেছে।

সিএনএনের খবরে জানা যায়, এ পর্যন্ত ২১৭ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। অন্ততপক্ষে ছয়জন পুলিশ সদস্য বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা পিটার নিউসাম বলেন, তিনজন পুলিশ সদস্যের মাথায় আঘাত লেগেছে। অন্যদের আঘাত তত গুরুতর নয়।

ট্রাম্প নিজে বিক্ষোভের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তাঁর অনেক রিপাবলিকান সমর্থক ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের এই ঐতিহাসিক ঘটনা উদ্‌যাপন না করে সহিংস বিক্ষোভ করাকে তাঁরা লজ্জাজনক বলে অভিহিত করেছেন। বিক্ষোভকারীরা বলছে, ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অবৈধ। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই তারা ট্রাম্পের নাগরিক স্বার্থবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.