Sylhet Today 24 PRINT

ভারতে ফের রেল দুর্ঘটনা, নিহত ২৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৭

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুনেরু স্টেশনের কাছে একটি ট্রেনের কয়েকটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি)  রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া জানায়, হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল।

পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা জে পি মিশ্র বলেন, ট্রেনটির সাতটি বগি ও ইঞ্জিন ছাড়াও মালবাহী একটি ভ্যান, দুটি জেনারেল কোচ, দুটি স্লিপার কোচ, একটি এসি থ্রি টায়ার কোচ এবং একটি এসি টু টায়ার কোচ লাইনচ্যুত হয়েছে।

জে পি মিশ্র আরো জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। অনেকে এখনো সেখানে আটকা পড়ে আছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও তিনি  আশঙ্কা প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.