Sylhet Today 24 PRINT

সাতটি দেশের জন্য ভিসা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৭

শরণার্থী ও অবৈধ নাগরিকদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার (২৫ জানুয়ারি) একটি নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাহী আদেশের মধ্যে থাকবে শরণার্থীদের প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞা এবং সিরিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান বাতিল করা।

মঙ্গলবার রাতে ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইটে এমন ইঙ্গিত দেন। তিনি টুইটে জানান, বুধবার জাতীয় নিরাপত্তা ইস্যুতে একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ আসতে যাচ্ছে।

কংগ্রেস সদস্য ও ট্রাম্পের খুব কাছের বিভিন্ন সূত্র থেকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্প অনির্ধারিত সময় পর্যন্ত শরণার্থীদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

জানা গেছে, আরেকটি আদেশ বলে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের মতো দেশগুলোর নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

২০ জানুয়ারি প্রসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন চমকপ্রদ সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। এর মধ্যে ছিল ওবামা প্রশাসনের নিয়োগ দেওয়া কূটনীতিকদের চাকরি থেকে বরখাস্ত, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো বিষয়গুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.