Sylhet Today 24 PRINT

সিরিয়ার শিশুদের জন্য কিছু করুন : ট্রাম্পকে টুইটার বালিকার চিঠি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৭

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক খোলা চিঠি লিখেছে টুইট করে খ্যাতি পাওয়া সিরিয় বালিকা বানা আলাবেদ। সে চিঠিতে ট্রাম্পকে লিখেছে, 'সিরিয়ার শিশুদের জন্য আপনাকে কিছু করতেই হবে। কারণ তারা আপনার সন্তানদের মতোই। তারাও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে।'

গত ডিসেম্বর মাসে আলেপ্পো থেকে যখন আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছিল, তখন পরিবারের সাথে উদ্ধার পায় বানা আলাবেদও। এখন সে তুরস্কে বসবাস করছে।

অবরুদ্ধ আলেপ্পো থেকে বানা নিয়মিত টুইট করত। এসময় তার টুইটার অ্যাকাউন্ট বিশ্বজোড়া খ্যাতি পায়।

বানার মা ফাতেমা বিবিসির কাছে সেই চিঠির বক্তব্য পাঠিয়েছেন। তিনি বলেছেন, বানা প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের আগেই চিঠিটি লিখেছে।

ট্রাম্পকে লেখা বানা আলাবেদের চিঠিঃ

প্রিয় ডোনাল্ড ট্রাম্প,

আমার নাম বানা আলাবেদ এবং আমি সিরিয়ার আলেপ্পোর সাত বছরের এক বালিকা। আমি গত বছর ডিসেম্বর মাসে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত সিরিয়াতেই থাকতাম। আমি সিরিয়ার সেইসব শিশুদের অংশ, যারা সিরিয় যুদ্ধের ফল ভোগ করছে।

কিন্তু এখন তুরস্কের নতুন এক বাড়িতে আমি শান্তিতে আছি। আলেপ্পোতে থাকার সময় আমি স্কুলে পড়তাম, কিন্তু সেটা বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। আমার কিছু বন্ধু সেখানে মারা গেছে। এজন্য আমার খুব দুঃখ। তারা আমার সাথে এখানে থাকলে আমরা একসাথে খেলতে পারতাম। আমি আলেপ্পোতে থাকতে খেলতে পারতাম না। সেটা ছিল এক মৃত্যুপুরী।

এখন তুরস্কে আমি বাইরে যেতে পারি এবং মজা করতে পারি। আমি স্কুলেও যেতে পারি, যদিও এখনো যাওয়া শুরু করিনি। একারণেই সবার জন্য শান্তি গুরুত্বপূর্ণ, আপনার জন্যও গুরুত্বপূর্ণ।

যাই হোক, সিরিয়ার লাখ লাখ শিশু এখনো আমার মত শান্তিতে নেই। তারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কুফল ভোগ করছে। তারা ভোগান্তিতে আছে বড় মানুষদের কারণে।

আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন। আপনি দয়া করে সিরিয়ার জনগণ ও শিশুদের রক্ষা করুন। কারণ, তারা আপনার সন্তানদের মতোই। তারাও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে। আপনি যদি প্রতিশ্রুতি দেন আপনি সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন, তাহলে ধরে নেন আমি আপনার একজন নতুন বন্ধু। আপনি সিরিয়ার শিশুদের জন্য কী করবেন, তা দেখার অপেক্ষায় রইলাম।

সূত্রঃ বিবিসি বাংলা 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.