সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৫ জানুয়ারী, ২০১৭
কুয়েতে ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশি মো. শাহ আলম
কুয়েতে এক বাংলাদেশিসহ সাতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। অন্য ছয়জনের মধ্যে একজন কুয়েতের রাজপরিবারের সদস্য।
স্থানীয় সময় বুধবার (২৫ জানুয়ারি) ভোরে তাদের ফাঁসি কার্যকর করা হয় বলে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা হলেন- কুয়েতের রাজপরিবারের সদস্য শেখ ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহ, বাংলাদেশি শাহ আলমসহ মিসর, ইথিওপিয়া ও ফিলিপাইনের নাগরিক। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছিল। এই সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।
ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশি মো. শাহ আলম ঢাকার কদমতলী থানাধীন ফরিদাবাদ এলাকার ৮২ নম্বর রজব আলী সরদার রোডের মো. সানোয়ার হোসেনের ছেলে। কুয়েতে দুর্গামায়া নামের এক নেপালি নারীকে অপহরণ করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ২০০৮ সালের ২৮ নভেম্বর শাহ আলমের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ২০১৩ সালে শাহ আলমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন কুয়েতের উচ্চ আদালত।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান জানান, দুই বছর ধরে নেপাল ও বাংলাদেশ দূতাবাস অনেক চেষ্টা করেও শাহ আলমের বিরুদ্ধে করা মামলার অভিযোগকারীকে খুঁজে পায়নি। ওই নেপালি নারী ইরানি এক মালিকের অধীনে কাজ করতেন। সেই ইরানি মালিকও কুয়েত ছেড়ে চলে যান।
তিনি বলেন, অভিযোগকারীকে পেলে ব্লাড মানি (অভিযোগকারীর পরিবারকে ক্ষতিপূরণ) দিয়ে হয়তো শাহ আলমকে বাঁচানোর চেষ্টা করা যেত। নেপাল ও বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে যথেষ্ট চেষ্টা করেছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে শাহ আলমের সঙ্গে শেষ দেখা করে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। শাহ আলমের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মায়ের সঙ্গে ফোনে প্রায় পাঁচ মিনিট কথা বলেন তিনি। এ সময় তিনি তাঁর ছোট ভাইকে ভালো করে দেখে রাখতে মাকে অনুরোধ করেন বলে জানান কাউন্সিলর আবদুল লতিফ খান।
রাজপরিবারের সদস্য শেখ ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহকে ২০১০ সালে রাজপরিবারের সদস্য তার এক ভাতিজাকে হত্যার দায়ে ফাঁসির আদেশ দেওয়া হয়। এ ছাড়া স্বামীর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটিয়ে ৪০ জনের বেশি নারী ও শিশু হত্যার দায়ে নুসরা আল এনজি নামের এক কুয়েতি নারীকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।
কুয়েতে সর্বশেষ ২০১৩ সালে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল।