Sylhet Today 24 PRINT

শরণার্থীদের ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তে জাকারবার্গের উদ্বেগ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৭

শরণার্থী ও মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আপনাদের অনেকের মতই আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, আমার বংশধরেরা জার্মান, অস্ট্রিয়া এবং পোল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে এসেছে। আমার স্ত্রী প্রিসিলার বাবা-মাও চীন ও ভিয়েতনামের শরণার্থী ছিল। যুক্তরাষ্ট্র অভিবাসীদের নিয়ে গড়া একটি রাষ্ট্র। আর তাতেই আমরা গর্বিত।

জাকারবার্গ বলেন, শরণার্থী ও যাদের সাহায্য প্রয়োজন, তাদের জন্য আমাদের দরজা খোলা রাখা উচিত। সেটাই আমাদের পরিচয়। যদি কয়েক দশক আগে শরণার্থীদের আমরা ফিরিয়ে দিতাম, তাহলে প্রিসিলা আজ আমার পাশে থাকতে পারত না।

ডেফ্রেড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) এর কথা উল্লেখ করে জাকারবার্গ বলেন, বর্তমানে ৭ লাখ ৫০ হাজার কিশোর-কিশোরী এর অধীনে থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে উপার্জন করছে। আমি আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তাদের জন্য এই নিরাপদ পরিবেশ বহাল রাখবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.