Sylhet Today 24 PRINT

ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৭

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়।

নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের ১৩ নাগরিক ও অন্তত ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মার্কিন রাজস্ব বিভাগ এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার জবাবেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেছিলেন, ‘ইরান আগুন নিয়ে খেলা করছে—তারা বুঝতে পারছে না বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। কিন্তু আমি তেমনটা নই।’

এর জবাবে ইরান বলেছে, ‘একজন অনভিজ্ঞ ব্যক্তির’ কাছ থেকে যুক্তরাষ্ট্রের এমন ‘অনর্থক’ হুমকিতে ইরান নতি স্বীকার করবে না।

যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবনার লঙ্ঘন।

ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান জন স্মিথ এক বিবৃতিতে বলেছেন, 'সন্ত্রাসের প্রতি ইরানের ক্রমাগত সমর্থন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ওই অঞ্চলে ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অংশীদারদের প্রতি হুমকি তৈরি করেছে'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.