Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা মুসলিমবিরোধী কি না জানতে চেয়েছেন আদালত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৭

সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক কি না তা জানতে চেয়েছেন দেশটির একটি আপিল আদালত।

কিছুদিন আগে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে আদালতের রায়ে এ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যায়।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আদালতে বিচারপতি ও সরকারি অ্যাটর্নিদের মধ্যে এ বিষয়ে এক ঘণ্টা শুনানি অনুষ্ঠিত হয়। শুয়ানিতে এই নির্বাহী আদেশের ফলে বিশ্বের ১৫ ভাগ মুসলমান ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি বৈষম্যমূলক হিসেবে বিবেচিত হবে কি না তা জানতে চেয়েছেন আপিল আদালতের বিচারপতি রিচার্ড ক্লিফটন।

এ বিচারপতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর আপিল আদালতের তিন সদস্যের বেঞ্চের সদস্য। এ বেঞ্চ থেকেই চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের এ নবম সার্কিট আপিল আদালত যে সিদ্ধান্তই জানাক না কেন, ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টেই হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.