সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ১২ ফেব্রুয়ারী, ২০১৭
বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি পাবলিক স্কুলে ঢুকতে পারেননি যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস।
স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ওয়াশিংটন ডিসির জেফারসন মিডল স্কুল একাডেমিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
সিএনএন জানায়, শিক্ষামন্ত্রী ডেভোস স্কুলে পৌঁছালে একদল অভিভাবক তাকে স্বাগত জানান। তবে তার স্কুল পরিদর্শনের বিরোধিতা করে বাইরে বিক্ষোভ করছিলেন আরেক দল। ডেভোস যখন স্কুলে ঢুকতে যান, তখন কয়েকজন বিক্ষোভকারী তার সামনে এসে দাঁড়ান।
একটি ভিডিওতে দেখা যায়, বাধা পেয়ে ঘুরে যান ডেভোস এবং হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এ সময় এক বিক্ষোভকারী তার পাশে হাঁটতে হাঁটতে বলতে থাকেন, ‘ফিরে যাও! লজ্জা, লজ্জা!’
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে যাদের নিয়োগ দিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিতদের একজন ডেভোস। মিশিগানের বিলিয়নিয়ার ডেভোসের পাবলিক স্কুল সম্পর্কে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে বলে সমালোকচদের অভিযোগ। গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের পর ভুলে ভরা এক টুইটের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ডেভোস।