Sylhet Today 24 PRINT

এবার শরীরচর্চা করার সুযোগ পাবেন সৌদি নারীরা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

নারীদের ব্যাপারে বরাবরই কট্টরপন্থী সৌদি আরবের ইতিহাসে গত বছর প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান দেশটির নারীরা। এবার তারা ব্যায়ামাগারে গিয়ে শরীরচর্চা করারও সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব স্পোর্টসের নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ও রাজকুমারী রিমা বিনতে বন্দর একথা জানিয়েছেন।

রাজকুমারী বলেছেন, চলতি মাসের শেষের দিকে নারীদের জন্য ব্যায়ামাগারের লাইসেন্সের অনুমোদন দেয়া হবে।

স্থানীয় দৈনিক 'ওকাজ' এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক জেলা ও এর আশপাশের এলাকায় ব্যায়ামাগার চালুর লক্ষ্য নির্ধারণ করছে সরকার। এই প্রক্রিয়া বাস্তবায়নে শ্রম, গ্রাম উন্নয়ন ও বাণিজ্য এই তিন মন্ত্রণালয় কাজ শুরু করেছে।

সৌদি রাজকুমারী জানিয়েছেন, প্রতিযোগিতামূলক কার্যক্রম যেমন ফুটবল, ভলিবল, বাস্কেটবল ও টেনিসের জন্য ব্যায়ামাগারের লাইসেন্স ইস্যু করা হবে না। তবে সাঁতার, দৌড় ও শরীর গঠনের কৌশলগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে লাইসেন্স দেয়া হবে। ফলে ওজন কমিয়ে ফিটনেস ধরে রাখা ও শরীর গঠন করতে পারবেন নারীরা।

তবে সৌদি সমাজে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে রিমা বিনতে বন্দর বলেন, সমাজকে বোঝানোর দায়িত্ব আমার নয়। রোগবালাই থেকে আমাদের তরুণীদের সুস্থ জীবন-যাপনের দরজা খুলে দিতে আমার ক্ষমতা খুবই সীমিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.