Sylhet Today 24 PRINT

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন।

রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্পের এ উপদেষ্টা । হোয়াইট হাউসের তরফ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার আগে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মধ্যে দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হওয়ার অভিযোগ উঠে। যদিও প্রাথমিকভাবে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ফ্লিন। এর পর বিষয়টি নিয়ে তদন্তের দাবী জানান প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট সদস্যরা।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফ্লিনের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফ্লিন অবশ্য শুরু থেকেই বলেছেন, নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে।       

যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে না থাকা  নাগরিকদের (প্রাইভেট সিটিজেন) কূটনৈতিক কার্য সম্পাদন অবৈধ। একজন প্রাইভেট সিটিজেন হিসেবে ফ্লিন ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ার আগেই গত বছরের শেষের দিকে দূতের সঙ্গে কথা বলেছিলেন।

এ বিষয়ে সোমবার বিকেলে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) পরিস্থিতি পর্যালোচনা করছেন। জেনারেলে ফ্লিনের সঙ্গে ভাইস-প্রেসিডেন্টের (পেন্স) কী কথা হয়েছে, তা নিয়েও কথা বলছেন তিনি (ট্রাম্প)।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.