Sylhet Today 24 PRINT

৯০ বছর বয়সে পিএইচডি ডিগ্রি লাভ

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

৯০ বছর বয়সে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন পল সিরোমনি নামের এক ব্যক্তি।

ইন্ডিয়া টুডে তাদের খবরে জানায়, ভারতের চেন্নাইয়ের পল সিরোমনি এই বয়সে ছয়টি নিবন্ধ লেখার পাশাপাশি তিনটি দীর্ঘ পরীক্ষা ও বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ইন্ডিয়া টুডের খবরে আরো বলা হয়, চাকরি থেকে অবসরে যাওয়ার পর পল গবেষণার কাজ শুরু করেন। তিন বছর কাজ করার পর এ ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি। তার গবেষণার বিষয় ছিল ‘গড’স কল টু দ্য চার্চ টু জয়েন ইন ট্রান্সফরমিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ কিংডম অব লাভ’।

এর আগে সিরোমনি সেন্ট মার্কের ক্যাথিড্রাল শিল্পকৌশল টিম সার্ভিসের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি ফলিত ব্যবহারিক বিজ্ঞানের জন্য ইন্ডিয়ান সোসাইটিরও প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়া তিনি বেঙ্গালুরুতে বস্তির শিশুদের লেখাপড়াও করিয়েছেন। সেখানে তাদের জীবনমানের উন্নয়নে স্বাস্থ্যসচেতন করে গড়ে তোলার পাশাপাশি মৌলিক চাহিদা সম্পর্কে সচেতন করেন।

পলের স্ত্রী জোইসি সিরোমনিও (৮৭) মানসিক রোগীদের পুনর্বাসনে কাজ করছেন। তিনি ১৯৫৪ সালে ডাক্তারি পাস করার পর ভারতের বিভিন্ন এলাকার হাসপাতালে কাজ করেছেন। সুত্র : ইন্ডিয়া টুডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.