Sylhet Today 24 PRINT

তামিলনাডুর মুখ্যমন্ত্রী পানালিস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

অবশেষে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন এদাপাদ্দি পালানিস্বামী।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটায় চেন্নাইয়ের রাজভবনে পালানিস্বামীকে শপথ পাঠ করান রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। একই সাথে ৩০ কেবিনেট সদস্যদের শপথ গ্রহণও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এরআগে দুপুর ১২টায় পালানিস্বামীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। তারও আগে মঙ্গলবার রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুমোদন প্রার্থনা করে চিঠি দেন পালানিস্বামী। এর ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে পালানিস্বামীকে সরকার গঠন করতে বলা হয়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে নেতা পনিরসেলভাম রাজ্যের মুখ্যমন্ত্রী হন। কিন্তু কিছুদিন পর দলের শীর্ষ নেতা শশীকলা নটরাজনের সঙ্গে তার দ্বন্দ্ব দেখা দেয়। দলীয় এই কোন্দলের জেরে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী পনিরসেলভাম।

এরপর শশীকলার মুখ্যমন্ত্রী হবার সম্ভাবনা যখন প্রায় নিশ্চিত তখন পুরনো একটি দুর্নীতি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট তাকে চার বছরের কারাদণ্ড দেন। আদালতের নির্দেশে বুধবার আত্মসমর্পণ করলে শশীকলাকে বেঙ্গালুরুর একটি কারাগারে পাঠানো হয়। পরে সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে আবেদন করেন দলের আরেক শীর্ষ নেতা পালানিস্বামী। ওই আবেদনে সাড়া দিয়ে রাজ্যপাল বৃহস্পতিবার সকালে এক প্রজ্ঞাপনে তাকে সরকার গঠন করতে বলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.