Sylhet Today 24 PRINT

পাকিস্তানে মাজারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

এই মাজারেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে (ফাইল ছবি)

পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি মাজারে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আহত হয়েছে প্রায় শখানেক মানুষ। উদ্ধারকর্মী ও পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তান টুডে।

১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ধুর শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ে সংলগ্ন মাজারটিতে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

স্থানীয় তালুকা হাসপাতালে অন্তত ৪০ জনের লাশ এসেছে বলে জানান সেখানকার তত্ত্বাবধায়ক চিকিৎসক মঈনুদ্দিন সিদ্দিকী। এছাড়া চিকিৎসার জন্য ১০০ জনকে আহত অবস্থায় সেখানে নিয়ে যাওয়া হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য লিয়াকত মেডিক্যাল কমপ্লেক্স জামশরো ও সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমে একটি গ্রেনেড নিক্ষেপ করে। পরে সে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। তবে প্রথমে নিক্ষেপ করা গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি।

বৃহস্পতিবারের এ হামলার আগে বুধবার দেশটির উত্তরপশ্চিমে উপজাতি অধ্যুষিত এলাকায় প্রশাসনিক সদর দফতরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত পাঁচজন।

মোহমান্দ এজেন্সির উপজাতীয় অঞ্চলের ঘালানাইয়ে অবস্থিত ওই সদর দফতরের মূল ফটকের কিছুটা সামনে এ বিস্ফোরণ হয়। বুধবার থেকে শুরু হওয়া কার্যদিবসে এমন ঘটনা ঘটে। পাকিস্তানি তালিবানের ভেঙে যাওয়া একটি উপদল, জামায়াত-উল-আহরার অবশ্য ওই হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। সূত্র: ডন, পাকিস্তান টুডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.